
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে রাজশাহী সেজেছে বর্ণিল সাজে। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠান শেষে দুপুরে রাজশাহী নগরের মাদরাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজশাহীকে। নগরের সড়কগুলো যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে, তেমনি রং-বেরঙের আলোকসজ্জা করা হয়েছে। সড়ক বিভাজকগুলো রাঙানো হয়েছে নতুন রঙে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রঙিন বেলুন-ফেস্টুন, বিলবোর্ড, তোরণ ও ব্যানার শোভা পাচ্ছে সড়কের বিভিন্ন স্থানে।
প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে অনেকে এরই মধ্যে জনসভায় যোগ দিতে এসেছেন রাজশাহীতে। জনসভাকে কেন্দ্র করে রাজশাহীর পবা উপজেলার পারিলা গ্রামের আওয়ামী লীগ সমর্থক সোলাইমান গাজী নিজের মোটরসাইকেলটি নৌকার আদলে গড়ে তুলেছেন। সেই মোটরসাইকেলে তিনি ছোট মাইক সংযুক্ত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজিয়ে ঘুরছেন গোটা শহর।
রাজশাহীর তাহেরপুর পৌর মেয়র ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ‘প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন। এটি আমাদের বড় পাওয়া। তিনি রাজশাহীর অনেক উন্নয়ন করেছেন। তাঁর হাত ধরেই ভবিষ্যতে সারা দেশের মতো রাজশাহী আরো উন্নত হবে। জনসভা ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।’
জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও দুই-তিন দিন আগেই রাজশাহী পৌঁছেছেন। তাঁরা জনসভার প্রস্তুতিসহ আনুষঙ্গিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন প্রমুখ। জনসভায় পাঁচ-সাত লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আওয়ামী লীগের নেতারা।
এদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গতকাল রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, ‘জনসভা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ। প্রধানমন্ত্রী সারা দেশের মতো রাজশাহীতেও অভূতপূর্ব উন্নয়ন করেছেন। জনসভা থেকে আমরা তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। সব মিলিয়ে পাঁচ-সাত লাখ মানুষের সমাগম হবে এ জনসভায়।’
সর্বশেষ ২০১৮ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দিয়েছিলেন।
‘রাজশাহীবাসীর সমর্থন চাইবেন প্রধানমন্ত্রী’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল প্রধানমন্ত্রীর জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে মাদরাসা মাঠ পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের আর বাকি এক বছর। কিন্তু নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য রাজশাহীবাসীর সমর্থন চাইবেন। তিনি রাজশাহীর উন্নয়নে গত ১৪ বছরে যা কিছু করেছেন, তার ওপর ম্যান্ডেট অবশ্যই চাইবেন।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ