
রাজধানীতে বুধবার (২০ এপ্রিল) সকালে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপর প্রথমে ঝড়ো হাওয়া, পরে কালবৈশাখী ঝড় শুরু হয়। রাজধানীর বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হওয়ারও খবর পাওয়া গেছে। হঠাৎ ঝড়বৃষ্টিতে অফিসগামী লোকজন ও কর্মজীবীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।
সকাল পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখার সময়ও আকাশ মেঘলা ছিল। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, টাঙ্গাইলসহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভিন্নবার্তা/এমএসআই