
রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
শনিবার (২৬ জুন) শেরেবাংলা নগরে এলজিইডি ভবনে রস্ক ফেইজ-২-এর পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারি পরিস্থিতি সত্ত্বেও প্রাথমিক শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠচর্চা ও পাঠে মনোযোগী রাখার উদ্দেশে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেতার ও দেশের সকল কমিউনিটি রেডিও’র মাধ্যমে প্রাথমিক শিক্ষা কার্যক্রমও চলমান রয়েছে। এছাড়া ইতোমধ্যে জুম ও গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাসও শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের ঘরে ঘরে ওয়ার্কশিট পৌঁছে দেয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৬ হাজার ১৬৫টি বিদ্যালয় ও এক লাখ ৫৭ হাজার ৭২৪ শিক্ষককে জাতীয়করণ করেন। এর ধারাবাহিকতায় তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকসহ ২৬ হাজার ১৯৩টি বেসরকারি বিদ্যালয়কে জাতীয়করণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণসহ শিক্ষকদের নানা প্রশিক্ষণ প্রদান করে আসছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শারীরিক পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে দরিদ্র প্রবণ এলাকায় শিক্ষার্থীদের মাঝে উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুটসহ রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আবদুর রশিদ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিত এবং রস্ক প্রকল্প পরিচালক মো. মাহবুব হাসান শাহীন। এলজিইডি ও ডিপিই যৌথভাবে এ পর্যালোচনার সভার আয়োজন করে।
ভিন্নবার্তা ডটকম/এন