
নোয়াখালীর হাতিয়ায় যৌতুকের দাবিতে এক নববধূকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। শুক্রবার এ হত্যাকাণ্ডের পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক দু’জনকে আটক করেছে। শনিবার হাতিয়া থানায় নিহত নববধূর মা মনোয়ারা বেগমের মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। নিহত শাবনুর আক্তার (১৯) হরণি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বয়ারচর নবীনগর গ্রামের নূর ইসলাম বুদ্ধির মেয়ে।
জানা গেছে, শুক্রবার বিকালে পুলিশ নিহতের স্বামীর বাড়ি চানন্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নলেরচরের রহমতপুর গ্রামের বাহার মেস্তরীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মা মনোয়ারা বেগম (৩৫) জানান, গত তিন মাস আগে উপজেলার চানন্দি ইউনিয়নের নলেরচরের রহমতপুর গ্রামের ওমান প্রবাসী বাহার মেস্তরীর ছেলে ফরিদ উদ্দিনের (২৪) সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকা ও ঘরের আসবাবপত্রের জন্য শাবনুরকে একাধিকবার শারিরিক ও মানসিক নির্যাতন করে তার স্বামী। শুক্রবার সকালে শাবনুরের সাথে তার শাশুড়ি ও ননদের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী, শাশুড়ী, ননদ মিলে তার মেয়েকে বেধড়ক পিটিয়ে পেটে লাথি দিয়ে গুরুত্বর জখম করেন এবং শরীর থেকে স্বর্ণালংকার খুলে নেন। একপর্যায়ে শাবনুর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা হন। এ বিষয়টি বুঝতে পেরে তার লাশ মাঝ পথ থেকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। পরে নিহতের স্বামী লাশ বাড়িতে নিয়ে এসে প্রচার করে শাবনুর বিষ খেয়ে আত্মহত্যা করেছে। শাবনুরের খালু আবুল কালাম ও তার খালা শ্বশুরবাড়িতে এলে নিহতের স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান।
নিহতের মা মনোয়ারা বেগম তার মেয়ের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ননদকে আটক করে থানায় নেয়া হয়েছে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মায়ের মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ