
বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি গবেষণায় অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। জীববিজ্ঞান এবং কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ১৯৯৮ সালে গাজীপুরের সালনায় প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি।
গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে বিশ্বের সব বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবছরের এপ্রিল মাসে একটি র্যাংকিং প্রকাশ করে স্পেনের সিমাগো ইনস্টিটিউশন নামে একটি গবেষণা প্রতিষ্ঠান। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করে আসছে। এ র্যাংকিং অনুযায়ী বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ১ম, এশিয়া মহাদেশে ২৪৭তম এবং বিশ্বে ৫৪১তম হয়েছে। তালিকায় বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
জানা গেছে, এ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম ৬০টি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন। বিশ্বের স্বনামধন্য প্রকাশনা সংস্থা স্প্রিঞ্জার থেকে প্রকাশিত ‘ব্যাসিলি অ্যান্ড অ্যাগ্রোবায়োটেকনোলজি’ এবং ‘ক্রিসপার ক্যাস মেথোডস’ নামক বইয়ের তিনি প্রধান সম্পাদক। বিশ্বখ্যাত প্রকাশক এলসেভিয়ারসহ উচ্চ ইম্প্যাক্ট ফ্যাক্টর বিশিষ্ট বিভিন্ন জার্নালে তার ২৫০-এর অধিক বিজ্ঞান প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার নেতৃত্বে গত বছর ৪০টি এবং চলতি বছর ২১টি গবেষণা প্রবন্ধ উচ্চ ইম্প্যাক্ট ফ্যাক্টর বিশিষ্ট জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া তার গবেষক দল উচ্চ ইম্প্যাক্ট ফ্যাক্টর বিশিষ্ট জার্নাল নেচার কমিউনিকেশনস, দ্যা প্লান্ট জার্নাল, ব্রিফিংস ইন বায়োইনফরমেটিকস, ক্রিটিক্যাল রিভিউজ ইন বায়োটেকনোলজি, প্লস বায়োলজিসহ বিশ্বে টপ র্যাংকিং অনেক জার্নালে মৌলিক গবেষণা প্রবন্ধ নিয়মিত প্রকাশ করে আসছেন। তার নেতৃত্বে এ গবেষণা এবং প্রকাশনা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে অনন্য উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মৌলিক গবেষণায় অসামান্য অবদানের জন্য জীববিজ্ঞানে জ্যেষ্ঠ ক্যাটাগরিতে ২০১৪ সালে তাকে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক (২০১১) প্রদান করা হয়। এ ছাড়াও তিনি দুবার ইউজিসি অ্যাওয়ার্ড, কমনওয়েলথ ইনোভেশন অ্যাওয়ার্ড, আইডিবি অ্যাওয়ার্ড, ফুলব্রাইট ভিজিটিং প্রফেসর ফেলোশিপসহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। শিক্ষাজীবন এবং শিক্ষকতা জীবনে তিনি বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে চারটি পোস্ট ডক অর্জন করেছেন। তার এই অর্জন বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে সহায়ক হয়েছে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম বলেন, ‘জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয় দেশে শীর্ষস্থান লাভ করে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিতি অর্জন করায় আমাদের গবেষকরা অনুপ্রাণিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া বলেন, এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষকরা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণায়ও ভীষণ মনোযোগী। আজকের এই অর্জন তাদের সম্মিলিত পরিশ্রমের ফল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে আমি অভিনন্দন জানাই।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ