
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে পাগলা থানার আহা আলীর টেক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের গহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।
পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাজীপুরের শ্রীপুর থেকে পাঁচজন যাত্রী ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাগলা এলাকায় আসছিলেন। গফরগাঁও উপজেলার ত্রিমোহনী এলাকার আহা আলীর টেকে এলে সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত রোলার মেশিন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নেওয়ার পথে একজন ও বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এসআই আক্তার হোসেন বলেন, রোলার মেশিনটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়েছে গেছেন। আমরা এখনো ঘটনাস্থলে আছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা ডটকম/এন