
নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবীর চৌধুরীকে মারধরের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত মিজানুর রহমান মিতু পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর। সোমবার বেলা ১১টায় নজিপুর পৌর ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী পৌর ভবনের নিচতলায় দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় কাউন্সিলর মিজানুর রহমান মিতু কিছু বিলে স্বাক্ষর না করার জন্য মেয়রের কাছ কৈফিয়ত চান এবং তাৎক্ষণিক বিলে স্বাক্ষর করতে বলেন।
এ সময় মেয়র বিলে স্বাক্ষর করতে না চাইলে কাউন্সিলর মিতু মেয়রকে চেয়ার ছুড়ে মারেন এবং মেয়রের মুখে, মাথায় কিল ঘুসি মেরে আহত করেন। পরে পৌরসভার কর্মকতা-কর্মচারীরা মেয়রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে নজিপুর পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী বলেন, পৌরসভার অনুমোদন ছাড়াই কাউন্সিলর মিতু নিজে কিছু কাজ করেছে বলে আমাকে বিলে স্বাক্ষর দিতে বলেন। নিয়মবহির্ভূত কাজের বিলে আমি স্বাক্ষর দিতে না চাইলে তিনি আমার ওপর অতর্কিত হামলা করেন।
এ বিষয়ে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার বলেন, ঘটনাটি অনভিপ্রেত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, আমি বিষয়টি জানার পর হাসপাতালে গিয়ে মেয়রের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে ওই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই