
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া কঠোর লকডাউনের আজ প্রথম দিন। রাজধানীর সব জায়গাতেই কঠোর লকডাউন নিশ্চিত করতে মাঠে নেমেছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার এবং সেনাবাহিনী। ভোর থেকেই রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে তারা। মেইনরোডগুলো ফাঁকা থাকলেও রাজধানীর অলিগলি এবং বাজারগুলোতে রয়েছে মানুষের জটলা।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে সরেজমিনে রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী, ফার্মগেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। কঠোর লকডাউনে বলা হয়েছে বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। কিন্তু দেখা যায় রাজধানীর মেইন রোডগুলো ফাঁকা থাকলেও অলিগলিতে রয়েছে মানুষের জটলা।
মেইনরোড গুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে অপ্রয়োজনে বের হওয়া গাড়ি আটকে দিচ্ছে। মেইন রোডে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় নেই মানুষের সমাগম, নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যবিধি। কিন্তু অলিগলি রাস্তায় এবং বাজারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কম থাকায় রয়েছে মানুষের জটলা, অনেকের মুখে নেই মাস্ক, মানছে না স্বাস্থ্যবিধি। কাঁচা বাজারে রয়েছে আগের মতোই ভিড়।
বাজারে ভিড়
শাহবাগ মোড়ের প্রতিটি রাস্তায় বসেছে পুলিশের চেকপোস্ট, টহল দিচ্ছে সেনাবাহিনী এবং র্যাব। শাহবাগ মোড় ফাঁকা থাকলেও সাইন্সল্যাব, কাঁটাবন ও বাটা সিগনালের অলিগলিতে রয়েছে মানুষের ভিড়।
কাঁটাবন রোডের জুলফিকার আলী বলেন, অফিস, কল কারখানা খোলা রেখে লকডাউন পুরোটা বাস্তবায়ন সম্ভব না। আমরা প্রয়োজনেই বের হয়েছি, মাস্ক পরে বের হয়েছি।
রাজধানীর যাত্রাবাড়ী, উত্তর যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকায় দেখা যায়, মেইন রোডের পাশেই বসেছে বাজার। রয়েছে হাজারো লোকের সমাগম। পুলিশের গাড়ি আসলেই সবাই চলে যাচ্ছে আবার পুলিশ চলে গেলে আগের মতই জমে ওঠে মানুষের জটলা। এখানে বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক, নেই দুরত্ব। উত্তর যাত্রাবাড়ীর গলিতে চায়ের দোকানে শত শত মানুষের জটলা। দেখে বোঝার উপায় নেই লকডাউন চলছে।
মূল সড়ক
উত্তর যাত্রাবাড়ী এলাকার হায়দার আলী বলেন, আমি চা খেতে এসেছি। ভাবছিলাম কঠোর লকডাউন হবে, কেউ বের হতে পারবে না। এখন দেখি লকডাউন টেলিভিশন আর খবরের কাগজে, বাস্তবে নেই। শুধু গাড়ি বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করেছে। দেখেন এখানে কে মাস্ক পরেছে, স্বাস্থ্যবিধি মানছে? আবার অফিস খোলা, কলকারখানা খোলা রেখে কিভাবে লকডাউন দেয়? আমরা আগের মতোই আছি। শুধু শুধু বাস বন্ধ রেখে মানুষের ভোগান্তি বাড়ছে।
যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশের এস আই জুবায়ের বলেন, আমরা আমাদের টিম নিয়ে কাজ করছি। আমাদের সাথে র্যাব, আনসার এবং সেনাবাহিনী মাঠে নেমেছে। আমরা সর্বস্ব দিয়ে কঠোর লকডাউন এবং মানুষের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করার চেষ্টা করছি। এখন মেইন রোডে আছি এখানে বিনা প্রয়োজনে কাউকে চলতে দিচ্ছি না। এলাকার ভেতরের গলিগুলোতে মানুষের আনাগোনা আছে। সকালে আমরা টহল দিয়ে এসেছি একটু পরে আবারো যাব। অলিগলিতেও বিনা প্রয়োজনে কাউকে বের হতে দেবো না।
ভিন্নবার্তা/এমএসআই