
টাঙ্গাইলের বাসাইলে নৌকা ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকালে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বৌ (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।
রুবেল মিয়া বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কয় জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।’
বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।’
ভিন্নবার্তা ডটকম/এসএস