
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১১টা থেকেই ইনস্টাগ্রামে দেখা দেয় বিভ্রাট। ব্যবহারকারীদের ইনস্টাগ্রামের ফিড বা প্রোফাইল লোড হচ্ছিলো না। তবে ডেস্কটপ ভার্সনে কোনো সমস্যা দেখা যায়নি। শুধু মোবাইল ভার্সনেই সমস্যা দেখা দেয়।
অন্যদিকে স্টোরি এবং রিলের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যায়নি। সেই কারণেই অনেক ব্যবহারকারী বিষয়টি বুঝতেই পারেননি। সারাবিশ্বের একাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে সমস্যার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তাদের দাবি, মূলত ইনস্টাগ্রাম ফিড এবং প্রোফাইলে সমস্যা হয় এদিন।
এদিন রাতে বিশ্বের বিভিন্ন দেশে ইনস্টাগ্রাম ব্যবহারে এই বিভ্রাট দেখা দেয়। তবে ঠিক কী কারণে ওই সমস্যা হয়েছে তা স্পষ্ট করে বলেনি ইনস্টাগ্রাম। সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও করা হয় নি। আর এ নিয়ে টুইটারে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে।
বেশিরভাগ ব্যবহারকারীর দাবি, তাদের প্রোফাইল লোড হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে। যদিও আবার কয়েকজন বলেছেন তাদের প্রোফাইল ঠিকমতো কাজ করছে। প্রায় এক ঘণ্টা ইনস্টাগ্রামে এই সমস্যা ছিল।
২০২১ সালের অক্টোবর মাসেও একইভাবে বন্ধ হয়ে গিয়েছিল ইনস্টাগ্রাম। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ, ফেসবুকও বন্ধ হয়ে যায় ওই দিন। প্রায় ছয় ঘণ্টা ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক গ্রাহক ওই সাইটগুলো ব্যবহার করতে পারেননি। ফেসবুকের মালিকানাধীন এই তিনটি অ্যাপ বন্ধ হওয়ার জেরে ভোগান্তির শিকার হয়েছিল কোটি কোটি ইউজার। আর্থিক ক্ষতির মুখেও পড়েছিল ফেসবুক।
গত সপ্তাহে ইউটিউবেও সাময়িক বিভ্রাট দেখা দেয়। যদিও ইউটিউবের পক্ষ থেকে একটি টুইটে এই বিভ্রাটের কথা জানানো হয়েছিল। কিছুক্ষণ পর তা ঠিক করে আবারও টুইট করে সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাতে ভোলেনি ইউটিউব। তবে তা কেন হয়েছিল সে বিষয়ে কিছুই বলেনি সংস্থাটি।
সূত্র: ডাউনডিটেক্টর