
আমি ললনা আমি মহীয়সী আমি অপ্সরা
আমি বাবার রাজ্যের রাজকন্যা
আমি বাবার চোখে পিতামহীর প্রতিচ্ছবি
আমার ঠোঁটের হাসি বাবার মুখে আঁকে আলপনা।
আমি ভাইয়ের কোমল অনুরাগ
ভালোবাসার শাসনে ঘিরে রাখে আমায়
খুনসুটিতে মাতিয়ে রাখি আমার পরিবার
আমায় ঘিরে বাজে রোজ আনন্দ সুরের মূর্ছনা।
আমি আছি বলেই পুষ্প কাননে বিলায় সুরভী
ভালোবাসায় তাজমহল গড়ে
পৃথিবীটা সুখময় লাগে অনিবার
স্নিগ্ধতায় ছুঁয়ে যায় মুগ্ধতার নীড়।
আমি মায়ের সাত রাজার ধন
সোহাগে আদরে মায়ের কোলে করি লুটোপুটি
দুঃখ এসে আমায় ছুঁলে মায়ের গায়ে জড়ায় মৌনতার চাদর
আমি মায়ের যত্নে ঘেরা নাজুক ভালোবাসার ঘর।
আমায় রাখে প্রিয়তম বুক পকেটে গুঁজে
ভালবাসার আলিঙ্গনে বনলতা আমায় ভাবে
একটু চোখের আড়াল হলে হৃদয় ঘরে জ্বর
তার মুখের হাসিটা তুলে ধরে আমার মুখে নিরন্তর।
আমি ললনা আমি জননী আমি আস্থা
আমি সন্তানের সুরক্ষার কবজ,
ভালোবাসার চাদরে হৃদয়ের ওমে রাখি সযত্নে
আমায় ছাড়া ঘর শূন্যতায় ঘেরা বিষাদের সুর বাজে যেন রোজ।