1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মহাবিশ্বের চমকে দেওয়া এক আবিষ্কার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪ ৯:৫৭ am

ব্যাপারটা নিজেরই বিশ্বাস হচ্ছে না আলেক্সিয়া লোপেজের। এমনটা হওয়ারই কথা হয়তো। যুক্তরাজ্যের সেন্ট্রাল ল্যাংকাশায়ার ইউনিভার্সিটির এই পিএইচডি শিক্ষার্থী এমন একটা বিষয় আবিষ্কার করেছেন, যা মহাবিশ্ব নিয়ে নিশ্চিত সত্যি বলে জানা কিছু তথ্যকেই প্রশ্নের মুখে ফেলেছে। লোপেজ ও তাঁর সহকর্মীরা মহাকাশে আবিষ্কার করেছেন অতি বিশাল এক আংটির আকৃতির কাঠামো।

কাঠামোটি পরিপূর্ণ অগণিত গ্যালাক্সি বা ছায়াপথে। এর ব্যাস ১৩০ কোটি আলোকবর্ষ। আর পৃথিবী থেকে দেখায় চাঁদের চেয়ে মোটাদাগে ১৫ গুণ বড়। জ্যোতির্বিজ্ঞানীরা কাঠামোটির নাম দিয়েছেন ‘বিগ রিং’।

তাঁরা বলছেন, ‘এটি এতই বড় যে মহাবিশ্ব সম্পর্কে আমাদের এত দিনের জানা-বোঝাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে তা।’ জ্যোতির্বিজ্ঞানের প্রধান সূত্রগুলোর একটি অনুযায়ী, মহাবিশ্বে এত বড় কোনো কাঠামোর অস্তিত্ব থাকার কথা নয়। ‘মহাজাগতিক নীতি’ নামে পরিচিত ওই নীতির বক্তব্য হচ্ছে, সব বস্তু মহাবিশ্বজুড়ে মসৃণভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকে, এ রকম জ্যামিতিক কাঠামোর মতো করে নয়। আমাদের চোখে আকাশের তারা, গ্রহ ও ছায়াপথগুলো (যার মধ্যে থাকে অনেক তারা ও গ্রহ-উপগ্রহ) বস্তুর বিশাল একেকটি গুচ্ছ হলেও মহাবিশ্বের অতিকায় আকারের বিবেচনায় এগুলো তুচ্ছ।

প্রচলিত তত্ত্ব বলে, এর চেয়েও বেশি বড় গুচ্ছ গঠিত হওয়ার কথা নয়। পৃথিবী থেকে ‘বিগ রিং’কে খালি চোখে দেখা যায় না। এটি আমাদের চেয়ে বহু বহু দূরে। বৃহত্তর কাঠামোটি গড়ে তোলা সবগুলো ছায়াপথকে শনাক্ত করতে বিস্তর সময় এবং কম্পিউটারের হিসাব-নিকাশ লেগেছে।

যুক্তরাজ্যের রয়াল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির উপপরিচালক ড. রবার্ট ম্যাসির মতে, এ আবিষ্কারে জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্রীয় ভিত্তি পুনর্বিবেচনা করার পক্ষে তাগিদ বাড়ছে।

রবার্ট ম্যাসি বলেন, ‘এটি মহাবিশ্বে এ পর্যন্ত আবিষ্কৃত সপ্তম বৃহৎ কাঠামো। মহাবিশ্ব বৃহত্তম স্কেলে মসৃণ এমন ধারণার বিরোধিতা করে এটি। যদি এই কাঠামোগুলো বাস্তব হয়, তাহলে তা অবশ্যই মহাবিশ্ববিশারদদের জন্য চিন্তার খোরাক জোগাবে।’

বিগ রিংয়ের আবিষ্কারক আলেক্সিয়া লোপেজ কয়েক বছর আগে মহাকাশে এক বিশাল খিলান আকৃতির কাঠামোও আবিষ্কার করেছেন। ৩৩০ কোটি আলোকবর্ষজুড়ে বিস্তৃত ওই কাঠামোটি।

আবিষ্কারগুলো করার পর কেমন লেগেছে জানতে চাইলে আলেক্সিয়া লোপেজ বলেন, ‘আসলেই একেবারে অবাস্তব মনে হচ্ছে। নিজের গায়ে চিমটি কেটে দেখতে হচ্ছে ঘুমিয়ে স্বপ্ন দেখছি কি না। কারণ একেবারেই কাকতালীয়ভাবে এ আবিষ্কারটা করেছি আমি। বিশ্বাস করতে পারছি না আমিই এ কাজ করেছি।’

আলেক্সিয়া লোপেজের মতে, তাঁর আবিষ্কার করা দুটি অতি বৃহৎ কাঠামোর কোনোটিকেই মহাবিশ্ব সম্পর্কে আমাদের বর্তমান জানাশোনা থেকে ব্যাখ্যা করা সহজ নয়। ‘এদের অতি বিশাল আকার, অনন্য গঠনকাঠামো এবং মহাজাগতিক নৈকট্য অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ কিছু একটা বলছে, কিন্তু সেটা ঠিক কী?’— নিজেকেই যেন প্রশ্ন লোপেজের।

বিগ রিং এবং বিশাল খিলান উভয় কাঠামোই তুলনামূলকভাবে পরস্পরের কাছাকাছি। ‘বুটেস দ্য হারডসম্যান’ নামে পরিচিত নক্ষত্রমণ্ডলের কাছাকাছি এদের অবস্থান।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ডন পোলাকো বলেন, এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আসলে খুবই খুবই কম। তাই বস্তু দুটির মধ্যে বিশেষ সম্পর্ক থাকতে পারে। এগুলো হয়তো আরো বড় কোনো কাঠামোর অংশ।

প্রশ্ন হচ্ছে, কিভাবে এত বড় গোছানো কাঠামো তৈরি হয়ে থাকতে পারে? ডন পোলাকোর জবাব : এই কাঠামোগুলো তৈরি করতে পারে এমন কোনো প্রক্রিয়ার বিষয়ে ধারণা করা অবিশ্বাস্যরকম কঠিন। গবেষণার লেখকরা তাই অনুমান করছেন, ‘আমরা হয়তো আদি মহাবিশ্বের একটি ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি এখানে, যাতে উচ্চ এবং নিম্ন ঘনত্বের উপাদানের তরঙ্গ বিশেষভাবে হিমায়িত হয়ে আছে।’

অন্য কয়েকজন মহাবিশ্ব বিজ্ঞানী এর আগে মহাকাশে একই ধরনের বিশাল কাঠামো আবিষ্কার করেছেন। যেমন, প্রায় দেড় শ কোটি আলোকবর্ষ দৈর্ঘ্যের স্লোন গ্রেট ওয়াল ও ‘দক্ষিণ মেরু প্রাচীর’, যা ১৪০ কোটি আলোকবর্ষজুড়ে বিস্তৃত। তবে সবচেয়ে বড় একক সত্তা হচ্ছে হারকিউলিস-করোনা বোরিয়ালি গ্রেট ওয়াল নামে এক অতি বৃহৎ নক্ষত্রপুঞ্জ। এটি প্রায় এক হাজার কোটি আলোকবর্ষ প্রশস্ত।

দূর থেকে ‘বিগ রিং’কে প্রায় নিখুঁত আংটির আকৃতির মনে হলেও আলেক্সিয়া লোপেজের বিশদ বিশ্লেষণে দেখা গেছে, এটির আকৃতি বরং কুণ্ডলীর (কয়েল) মতোই বেশি। অনেকটা ওয়াইনের বোতলের ছিপি খোলার কর্কস্ক্রুর মতো, যার মুখটা পৃথিবী বরাবর ফেরানো।

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (এএএস) ২৪৩তম সভায় এ গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে। .

সূত্র : বিবিসি



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ