
দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা যে পরিমাণ মজুদ আছে তাতে করে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের মধ্যে শতভাগকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। রোববার (১৬ মে) দুপুরে ভার্চুয়াল বিফ্রিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম এই তথ্য জানান।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে টিকার মজুত রয়েছে ৬ লাখ ৮০ হাজার ৫ ডোজ। আর দ্বিতীয় ডোজের টিকার নেওয়ার বাকি রয়েছে ১৪ লাখের বেশি মানুষ, যারা এরইমধ্যে প্রথম ডোজ নিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে আজ (১৬ মে) পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ লাখ ৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ লাখ ৭৮ হাজার ৬৭৫ জন আর নারী ১৩ লাখ ২১ হাজার ৪০৮ জন।
অপরদিকে দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৯৭৯ আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন।
দুই ডোজ মিলিয়ে মোট টিকা নিয়েছেন ৯৫ লাখ ১৯ হাজার ৯৯৫ জন। সে হিসেবে দেশে বর্তমানে টিকার মজুত রয়েছে ছয় লাখ ৮০ হাজার ৫ ডোজ।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, আমাদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া চলছে। এখন পর্যন্ত যা মজুদ আছে দ্বিতীয় ডোজ যাদের পাওয়ার কথা তাদের শতভাগকে আমরা দিতে পারবো না। বিভিন্ন কূটনৈতিক মাধ্যমসহ অন্যান্য চ্যানেলে যোগাযোগ চলছে। আমরা আশা করছি, অ্যাস্ট্রাজেনেকার টিকার যে ঘাটতি আছে, ভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে পারবো। আমরা ৮ সপ্তাহের ব্যবধানে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটি কোনও কোনও দেশে ১৬ সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত করা হয়েছে। কাজেই সে ক্ষেত্রে কিছু সময় আমরা পাচ্ছি।
টিকাদান কার্যক্রম বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালগুলোতে কী পরিমাণ মজুদ আছে তার ওপর নির্ভর করবে কবে নাগাদ বন্ধ হতে পারে। আমাদের কাছে যে পরিমাণ মজুদ আছে তাতে সর্বোচ্চ এক সপ্তাহ চলতে পারবে বলে ধারণা। তবে এটি প্রতিষ্ঠানভেদে এক-দুই দিন কম বেশ হতে পারে। মজুদ শেষ হয়ে গেলে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা নতুন করে সংগ্রহ করতে না পারি। যারা অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজ নিয়েছেন তাদের অন্য কোম্পানির ভ্যাকসিন দিয়ে দ্বিতীয় ডোজ নেওয়ার সুযোগ নেই।
ভিন্নবার্তা/এমএসআই