
করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক করোনা সংক্রমণ ও এর কারণে মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৯০৯ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৮০ জন, যা আগের দিনের চেয়ে কম।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার এ তথ্য জানায়।
এর আগে রোববার দেশটিতে ৪৫ হাজার ৮৩ জন আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৪৬০ জনের। সে তুলনায় সোমবার দৈনিক সংক্রমণ এবং মৃত্যু কিছুটা কমেছে।
এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৮ হাজার ২১০ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৩৯ মানুষ।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৭২ লাখ ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ১৫ হাজার ৫৩ জনের।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ