
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি ছোট প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতি এবং সরকারি অর্থের অপচয়ের তথ্য পাওয়া গেছে। অস্বাভাবিক দামে কেনা হয়েছে বিভিন্ন পণ্য।
এ প্রকল্পের অধীনে একটি গেট নির্মাণে ১ কোটি ৭০ লাখ টাকা (১.৭০ কোটি) খরচ দেখানো হয়েছে, যা ১ কোটি ১৭ লাখ টাকায় বাস্তবায়ন সম্ভব। নির্মাণকাজে প্রতিটি হুইল ব্রাশ বিয়ারিংয়ের দাম দেখানো হয়েছে ১ লাখ ৫০ হাজার, যার বাজারমূল্য মাত্র ২ হাজার টাকা।
গেটের গায়ে লেখা প্রতিটি ইংরেজি অক্ষরের জন্য মূল্য ধরা হয়েছে ৫ হাজার ৯৭৭ টাকা। বাজারদর যাচাই করে দেখা যায় প্রতিটি অক্ষর কাটা ও স্থাপনে খরচ হওয়ার কথা মাত্র ৭০০ টাকা। এভাবে ২০৩টি অক্ষর বসিয়ে হাতিয়ে নিয়েছে ১২ লাখ ১৩ হাজার টাকা। প্রতি বর্গমিটার এসএস পাইপের দাম ৬৩ হাজার ৭৭৫ টাকার স্থলে দেখানো হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৯৮ টাকা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পিঅ্যান্ডডি/কিউএস ভবনের গেট ও ওয়েটিং রুট নির্মাণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
তদন্ত করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের সদস্য (উপসচিব) মাহমুদ কবীর ও বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দ শরিফুল ইসলাম। গত নভেম্বরে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয়। এরপর বেবিচক থেকেও গঠন করা হয় আরেকটি তদন্ত কমিটি। এর তদন্তকাজ চলমান।
আরও জানা যায়, প্রতি কেনাকাটায় অস্বাভাবিক দাম দেখিয়েই ক্ষান্ত হয়নি ওই প্রকল্পের ঠিকাদার তানভীর ট্রেডার্স। কাজ শেষ হওয়ার আগেই ২০ লাখ টাকা তুলে নিয়ে গেছে প্রতিষ্ঠানটি। এই অর্থ ফেরত দিতে ইতোমধ্যেই ঠিকাদারকে চিঠি দিয়েছে বেবিচক।
এ প্রসঙ্গে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, এ ঘটনায় বেবিচক থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রণালয়ের রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, নতুন কমিটি সবই দেখবে।
মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি এখন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে নেই বলে জানান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা।
সংশ্লিষ্টদের অভিযোগ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে অনিয়ম-দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির ব্যাপক তথ্য দিলেও এর সঙ্গে সরাসরি জড়িত কারও নাম রিপোর্টে উল্লেখ করা হয়নি।
প্রকল্পের মূল গডফাদার তানভীর ট্রেডার্সের মালিক ঠিকাদার নাজমুল আলম খুররামকে ধরা-ছোঁয়ার বাইরে রেখে প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রকল্পটি তৈরি থেকে শুরু করে টাকা প্রদান পর্যন্ত কমপক্ষে ২০ জন কর্মকর্তার সরাসরি সংশ্লিষ্টতা থাকলেও তদন্ত রিপোর্টে মাত্র একজনের নাম উল্লেখ করা হয়েছে।
ব্যয় মঞ্জুরি অনুমোদন ফাইলে স্বাক্ষরের জন্য তাকে অভিযুক্ত করা হলেও দেখা গেছে, ওই ফাইলে স্বাক্ষর করেছেন ৮ জন শীর্ষ কর্মকর্তা। এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা ছিল পরিচালক ফাইন্যান্স মোয়াজ্জেম হোসেন, সদস্য ফাইন্যান্স আব্দুল হক, তৎকালীন প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী, নির্বাহী প্রকৌশলী এএইচএমডি নুরউদ্দিন চৌধুরী, সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, হিসাব বিভাগের কর্মকর্তা রেজাউল হক, জয়নাল আবেদীন সরকার ও মোয়াজ্জেম হোসেনের।
কিন্তু তদন্ত রিপোর্টে একমাত্র নির্বাহী প্রকৌশলী নুর উদ্দিন চৌধুরী ছাড়া বাকি কারও নাম উল্লেখ করা হয়নি। বিশেষজ্ঞরা বলেছেন, এটি পুরো তদন্ত রিপোর্টকে একপেশে করে ফেলেছে। তাদের মতে, প্রভাবশালী ঠিকাদার খুররাম ও রাগববোয়ালদের বাঁচানোর জন্য এটা করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা দরকার।
সেক্টরের বিশেষজ্ঞরা বলেছেন, তদন্ত রিপোর্টে প্রকল্প ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতি, প্রভাব খাটানো ও হুমকি-ধমকি দিয়ে বিল হাতিয়ে নেওয়ার প্রমাণ পেলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। আইন অনুযায়ী তানভীর ট্রেডার্সকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাক লিস্ট) করার কথা। কিন্তু রহস্যজনক কারণে তাও করেনি। উলটো তানভীর ট্রেডার্সকে দুই বছরে ৩০০ কোটি টাকার কাজ দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রায় ১০০ কোটি টাকার কাজ বাগিয়ে নিয়ে সেই ওয়ার্ক অর্ডারের কাগজ অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগও আছে ওই ঠিকাদারের বিরুদ্ধে।
বিশেষজ্ঞদের অভিমত, প্রকল্পের প্রশাসনিক অনুমোদনের ফাইল ও তদন্ত কমিটির রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, এ প্রকল্পের মূল কাজ অর্থাৎ প্রকল্প তৈরি ও অনুমোদন দিয়েছেন বেবিচকের নির্বাহী প্রকৌশলী মোকাব্বর আলী। কিন্তু তদন্ত কমিটি তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনেনি। প্রকল্প মূল্যায়নের প্রশাসনিক অনুমোদন দিয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান, মোকাব্বর আলী ও তৎকালীন প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী।
তাৎক্ষণিকভাবে সম্পাদনযোগ্য জরুরি অপারেশনাল কাজ হিসাবে অনুমোদন দিয়েছেন হাফিজুর রহমান, নুর উদ্দিন চৌধুরী ও প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী। কিন্তু দেখা যায়, তদন্ত কমিটি একমাত্র নির্বাহী প্রকৌশলী নুর উদ্দিন চৌধুরীকে এই প্রকল্পের সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দোষী করে প্রতিবেদন জমা দেয়।
হাতে আসা তদন্ত রিপোর্টে দেখা যায়, বেবিচকের একটি গেট ও ওয়েটিং রুম নির্মাণে ১ কোটি ৭০ লাখ টাকা নির্মাণ খরচ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ৫৭টি আইটেম ব্যবহৃত হয়েছে। প্রতিটি আইটেমের দাম বাজারমূল্যের চেয়ে অনেক বেশি দিয়ে কেনা হয়েছে। এর মধ্যে প্রতিটি গিয়ার টুলের দাম দেখানো হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। বাস্তবে ওই কাজের জন্য হুইল ব্রাশ বিয়ারিং ব্যবহার করা হয়েছে। যার বাজারমূল্য ২ হাজার টাকা।
গেটে লাগানোর জন্য এসএস শিট থেকে নেওয়া প্রতিটি ইংরেজি-বাংলা অক্ষরের জন্য দাম ধরা হয়েছে ৫ হাজার ৯৭৭ টাকা করে। গেটটিতে মোট ২০৩টি অক্ষর বসানো হয়েছে। এ কাজে মোট ব্যয় হয়েছে ১২ লাখ ১৩ হাজার টাকা। বাজারদর যাচাই করে দেখা যায়, প্রতিটি অক্ষর কাটা ও স্থাপনে খরচ হওয়ার কথা ৭০০ টাকা। এক্ষেত্রে ১০ লাখ ৩৯ হাজার টাকা আর্থিক অপচয় করা হয়েছে। প্রতিটি অ্যাংকর বল্টের বাজারদর ৯৫ টাকা হলেও দেখানো হয়েছে ৭৩০ টাকা। এতে ৬৮টি অ্যাংকর বল্টে আর্থিক অপচয় হয়েছে ৪৩ হাজার টাকা। এই অ্যাংকর বল্ট সরবরাহ ও ফিটিংস খরচসহ খরচ হওয়ার কথা প্রতিটি ১৮০ টাকা। দেখানো হয়েছে ১ হাজার ৬৪৬ টাকা। দরপত্র তফশিল অনুযায়ী উন্নতমানের কমোড স্থাপনের কথা থাকলেও বসানো হয়েছে নিম্নমানের ও অখ্যাত কোম্পানির। যার ব্যয় দেখানো হয়েছে প্রতিটি ১৮ হাজার ৬৬১ টাকা।
কিন্তু বাজারদর বিবেচনা করে দেখা যায়, ওই কমোডের দাম স্থাপনসহ খরচ সর্বোচ্চ ১২ হাজার টাকা। নির্মাণকাজে প্রতি বর্গফুট দর নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৮৯২ টাকা। অথচ বাজারদর অনুযায়ী এ কাজের জন্য প্রতি বর্গফুট খরচ হওয়ার কথা ৫ হাজার ৯২৬ টাকা। আর প্রতি বর্গমিটারে ৬৩ হাজার ৭৫৬ টাকার পরিবর্তে ১ লাখ ৬০ হাজার ২৯৭ টাকা ব্যয় দেখানো হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, থাই অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো নির্মাণে অনিয়ম করা হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ টাকার। অ্যালুমিনিয়াম ফলস সিলিং নির্মাণেও কাজের বেশি অতিরিক্ত বিল করা হয়েছে। এতে ৩১ হাজার টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে।
প্রতিটি ৫০ এমএম ডায়া এসএস বলের বাজারদর ১৪০ টাকা হলেও দেখানো হয়েছে ৩২৫ টাকা। প্রতিটি ৭৫ এমএম ডায়ার বাজারদর ৩৫০ টাকা হলেও দেখানো হয়েছে ৩৮৫ টাকা। ৪০ এমএম ডায়ার বাজারদরের চেয়ে ২১৮ টাকা বেশি দেখানো হয়েছে। কাজের প্রাক্কলনে ৫৮৮টি এসএস বল থাকার কথা থাকলেও ব্যবহার করা হয়েছে ৫২৮টি। বাকি টাকার বিল করে আত্মসাৎ করা হয়েছে। এসএস পাইপের পরিমাণ ১১৭ বর্গফুটের জায়গায় ২৩০ বর্গফুটে বিল করে টাকা আত্মসৎ করা হয়েছে।
এই ক্ষেত্রে প্রতি বর্গফুটের দাম ৫ হাজার ৯২৫ টাকার পরিবর্তে বিল করা হয়েছে ১৪ হাজার ৮৯২ টাকা। প্রতি বর্গমিটারে ৬৩ হাজার ৭৭৫ টাকার স্থলে দেখানো হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৯৮ টাকা। বাজারদর ও মালামাল বিশ্লেষণে দেখা যায়, এই কাজের বাজারদর হওয়ার কথা প্রতি বর্গমিটারে ৪০ হাজার ২৫০ টাকা। কিন্তু বিল করা হয়েছে প্রতি বর্গমিটারে ১ লাখ ৬০ হাজার ২৯৭ টাকা।
প্রতি বর্গমিটারে অতিরিক্ত দর ১ লাখ ২০ হাজার ৪৭ টাকা হিসাবে ২১ বর্গমিটার কাজের জন্য অতিরিক্ত বিল করা হয়েছে ২৫ লাখ ২৪ হাজার ৫৮৪ টাকা। তদন্ত প্রতিবেদনে আরও দেখা যায়, ৫০০ এমএম ডায়া পাইপের বাজারদর ২৫০ টাকার পরিবর্তে ২৯৭ টাকা দেখানো হয়েছে। এতে প্রতি ফুটে ৪৭ টাকা বেশি বিল করা হয়েছে। এছাড়া ১০০ এমএম ডায়া পাইপের জন্য প্রতি ফুট ৬১৩ টাকার পরিবর্তে বিল করা হয়েছে ৮৫০ টাকা। প্রতি ফুটে ২৩৭ টাকা বেশি দেখানো হয়েছে।
এছাড়া ৬ এমএম বেইস প্লেট ও ৩ এমএম বেইস প্লেটের প্রতি কেজি দর ৩৫০ টাকার পরিবর্তে দেখানো হয়েছে ৪১০ টাকা। গিয়ার টুলের দর প্রতিটি ৭৫ হাজার টাকার পরিবর্তে দেখানো হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। বাজারে এ ধরনের কাজে হুইল বুশ বিয়ারিং ব্যবহৃত হয় এবং তার দর প্রতিটি ২ হাজার টাকা। কিন্তু বিলে দেখানো হয়েছে প্রতিটি ৪ হাজার টাকা। এই কাজে ৪ লাখ ৫২ হাজার টাকা অতিরিক্ত বিল করা হয়েছে। এসএস বক্সের বাজারদর ১৮৫ টাকা হলে বিল করা হয়েছে প্রতিটি ১ হাজার ৮৫ টাকা।
মাটির নিচে ব্রিক ওয়ার্ক না করেও তা দেখিয়ে অতিরিক্ত বিল করা হয়েছে ৫ লাখ ৬৫ হাজার টাকা। প্রাক্কলন ও নথি যাচাই করে দেখা যায়, গ্রেট বিমের নিচে ৬ ইঞ্চি বালি ভরাট করা হয়েছে। কিন্তু বাস্তবে কোনো বালি ভরাট করা হয়নি। কিন্তু বিল করা হয়েছে ৩১.৩৪ ঘনমিটার বালি ভরাটের। এতে ২০ হাজার টাকা বিল করা হয়।
ভিন্নবার্তা ডটকম/আর