
হবিগঞ্জের মাধবপুরে শিক্ষিকার ছোড়া বেতের আঘাতে মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় শিশুটির পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে চোখ নষ্টের ঘটনায় ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানি পর মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ফারুক আলমগীর চৌধুরী।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান।
আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বলেন, চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য একটি কমিটি গঠন করতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।
শিক্ষিকার বেতের আঘাতে শিশুর নষ্ট হওয়ার ঘটনায় তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত ১২ নভেম্বর হাইকোর্টে রিট করেন শিশুটির বাবা মোতালেব।
রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ৯ জনকে বিবাদী করা হয়।
রিটে যুক্ত করা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হবিগঞ্জের মাধবপুরে শিক্ষিকার ছোড়া বেতের আঘাতে মেহেদী হাসান নামের এক শিশুশিক্ষার্থীর এক চোখ নষ্ট হয়ে গেছে। অন্য চোখটিও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ চোখটি নষ্ট হলে পুরোপরি অন্ধ হয়ে যাবে মেহেদী।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকেও স্থায়ীভাবে অন্যত্র বদলি করা হয়েছে।
উপজেলার বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোর্শেদা আক্তার প্রাক-প্রাথমিকের ছাত্র মেহেদি হাসানের (৪) দিকে একটি বেত ছুড়ে মারেন। এতে তার ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। মেহেদীকে দ্রুত ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়।
পরদিন (১৭ আগস্ট) সেখানে তার চোখে অপারেশন করেন চিকিৎসকরা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। চোখটি একেবারেই নষ্ট হয়ে গেছে। এখন অন্য চোখটিও নষ্ট হওয়ার উপক্রম।