
রাজশাহীর তানোরে প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় অভিমান করে স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ওই ছাত্রীর নাম জাকিয়া আক্তার (১৫)।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার কলমা ইউনিয়নের শালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক ইমনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার শালবাড়ি গ্রামের দুখু মণ্ডলের মেয়ে ও বনগাঁ চক রহমত উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আক্তারের সঙ্গে গত এক বছর ধরে পাশের চোরখৈর এনায়েতপুর গ্রামের রহিমের ছেলে ইমনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইমন ক্যাবল অপারেটর।
কিছু দিন আগে জাকিয়ার পরিবারের লোকজন প্রেমের বিষয়টি জানতে পারলে বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে টালবাহানা করছিলেন ইমন। গত মঙ্গলবার রাতে ফোনে প্রেমিক ইমন জাকিয়াকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে মানসিকভাবে ভেঙে পড়ে জাকিয়া।
মঙ্গলবার রাতে জাকিয়া বিষপান করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায় জাকিয়া।
এ ব্যাপারে তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের বাবা দুখু মন্ডল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত প্রেমিক ইমনকে বুধবার গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই