
এখোনো বিপদসীমার ১৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তায় পানি। বৃহস্পতিবার রাত নয়টার পর বিপদসীমার ২৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও মধ্যরাত থেকে কমতে থাকে পানির প্রবাহ।
আজ শুক্রবার সকাল ছয়টায় বিপদসীমার ২০সেন্টিমিটার এবং সকাল নয়টার পর থেকে বিপদসীমার ১৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ডালিয়া পয়েন্টে।এরআগে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিপদসীমার ১৬সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বেলা তিনটার পর তা ছাপিয়ে ১৮সেন্টিমিটার এবং সন্ধ্যা ছয়টার পর ২২সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
তৃতীয় দফায় পানি বাড়ায় আতংক ছড়িয়ে পড়েছে তিস্তা পাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারতের সিকিমে বৃষ্টিপাত হওয়ায় তিস্তায় পানি বেড়েছে।
পানি বৃদ্ধির ফলে তিস্তা নদী বেষ্টিত ডিমলা ও জলঢাকা উপজেলার দশ ইউনিয়নের প্রায় দশ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষরা পড়েছেন চরম বিপাকে। অনেকের বাড়িতে চুলো ডুবে যাওয়ায় রান্না বিঘ্নিত হচ্ছে।
ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান জানান, ছাতুনামা, ভেন্ডাবাড়ি, কেল্লাবাড়ির চরের প্রায় ছয়’শ পরিবার পানি বন্দি হয়ে পড়েছেন। তারা ঠিকমত রান্না করতে না পারায় খাদ্য সমস্যায় পড়েছেন। খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার বলেন, বাইশপুকুর ও ছোটখাতা চরের প্রায় তিন’শ পরিবার পানি বন্দি হয়ে পড়েছেন। এলাকাগুলো নদী সংলগ্ন হওয়ায় নদীতে পানি বাড়লেই তারা পানি বন্দি হয়ে পড়েন।
অনেকে তিস্তা ব্যারেজের কলম্বিয়া বাঁধে আশ্রয়ন নিয়েছেন বলে জানান তিনি। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভারতে বৃষ্টিপাতের কারণে উজানে তিস্তায় পানি বাড়ছে। তিস্তা এলাকা মনিটরিং করা হচ্ছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, পানিবন্দি ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মানুষদের জন্য ছয় মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া শুকনো খাবারও বিতরণ করা হবে।
এলাকাগুলো পরিদর্শণ করছি আমরা। যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা সরকারী সহায়তা পৌঁছে দিবো। তবে মানুষজন যাতে নিরাপদে থাকে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছি আমরা।
জানতে চাইলে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, তিস্তা এলাকা পর্যবেক্ষনে রাখা হয়েছে। জনপ্রতিনিধিদের সার্বক্ষনিক ভাবে বিষয়টি দেখভাল করার জন্য বলা হয়েছে।
কোথাও যেন ক্ষতি না হয় কিংবা ক্ষতিগ্রস্থ মানুষরা যেন সহায়তা পান এজন্য প্রশাসনকে জানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
তিস্তা নদী বেষ্টিত ডিমলা উপজেলার পুর্ব ছাতনাই, নাউতারা, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, শৌলমারী, গোলমুন্ডা ও কৈমারী ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষরা ক্ষতিগ্রস্থ হয়।
ভিন্নবার্তা/এমএসআই