
রাজধানীর ডেমরায় মেসার্স হুমায়ুন কবির নামীয় একটি বিকাশ পরিবেশক অফিসের ২৯ লাখ ৬ হাজার টাকা নিয়ে উধাও হওয়া মা ও ছেলেকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে ডেমরা থানা এলাকা থেকে গ্রেফতার করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ডেমরার মোমেনবাগ পাড়াডগাইর এলাকার ফয়েজ খাঁনের ছেলে মো. মাজহারুল ইসলাম ওরফে লিংকন (৩১) ও তার মা মোছা. মাজেদা খান (৪৬)। গ্রেফতার লিংকন ওই প্রতিষ্ঠানেরই সুপারভাইজার পদে দায়িত্ব পালন করতেন।
এ ঘটনায় কোনাপাড়া শাহজালাল রোডের আমানা টাওয়ারে অবস্থিত ওই বিকাশ পরিবেশক অফিসের পরিচালক মো. বোরহান উদ্দিন (৩৫) বৃহস্পতিবার সকালে ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ২১ নভেম্বর ওই প্রতিষ্ঠানে কর্মরত ৩ জন ডিস্ট্রিবিউশন সেলস অফিসার শফিকুল ইসলাম, টুটুল ও সজীব বিভিন্ন মার্কেটে বিকাশ এজেন্টেদের কাছ থেকে ২৪ লাখ ৭৬ হাজার টাকা কালেকশন করে লিংকনের কাছে জমা করেন। এদিকে ওই দিনই লিংকনের কালেকশন করা ৪ লাখ ৩০ হাজার টাকাসহ মোট ২৯ লাখ ৬ হাজার টাকা নিয়ে মাকে নিয়ে উধাও হয়ে যায় লিংকন। তবে মামলার পর আমরা প্রযুক্তি ব্যবহারসহ তদন্তসাপেক্ষে তাদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হই।