
মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈরের টেকেরহাট থেকে যাত্রীবাহী একটি বাস মাদারীপুরে আসছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচরে এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে নারীসহ আহত হয় অন্তত ২০ জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ও দুর্ঘটনাকবলিত গাড়ি সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ