
নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ী মানিক সেন(৫০), তার স্ত্রী সেতু রানী সেন(৩৭) ও ভাই অমল সেনকে(৩৮) পিটিয়ে আহত করেছে একই গ্রামের প্রতিবেশী বকুল মিয়া ও তার লোকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জেলার বারহাট্টার বাঘমারা গ্রামের মানিক সেন গ্রামে মনোহারী ব্যবসা করেন। তার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশী বকুল মিয়ার গ্রাম্য বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে মানিক সেনের আট বছরের মেয়ে হিয়া রানী সেনকে মারধর করে বকুল মিয়ার লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বকুল মিয়া, ইকবাল, টিটু মিয়াসহ ৭-৮জন মানিক সেন ও তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায় এবং মারধর করে। এতে মানিক সেন, স্ত্রী সেতু রানী সেন ও ভাই অমল সেন গুরুতর আহত হন। তাদেরকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই