
সারাদেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল ৯টায় এ জামাত শুরু হয় এবং শেষ হয় ৯টা ১০ মিনিটে।
তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. বিল্লাল হোসেন।
এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও দুটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
এদিকে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে লাইন ধরে মসজিদের ভেতরে প্রবেশ করেন মুসল্লিরা।
মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সংখ্যক সদস্যকে বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।
প্রতিটি নামাজ শেষ হওয়ার পর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এসব মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করা হয়। সব বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, ইসলামি ফাউন্ডেশনের তথ্য মতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরও যে পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামের দায়িত্ব পালন করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।
দ্বিতীয় জামাতে ইমামের দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। দ্বিতীয় জামাতে মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. নাসির উল্লাহ।
পরে চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আমির হোসেন।
পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম।
এই পাঁচ জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. রুহুল আমীন।