
বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুই কৃষকের চারটি গরু মারা গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঙালিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফাইতং ৯নং ওয়ার্ডের বাঙালিপাড়ার মৃত ইসহাকের ছেলে মো. এনাম (৫০) ও মৃত নবী হোচনের ছেলে মো. শহীদুল ইসলাম (২২)।
লামার ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঙালিপাড়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের ওপর টংঘরে ঘুমিয়ে ছিলেন।
এদিকে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দরিদ্র দুই কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা গ্রামের ৩নং ওয়ার্ডের দফাদার বাসু কুমার দের তিনটি ও মুসলিমপাড়ায় একটি গরু বজ্রপাতে মারা যায়।
বাসু কুমার দে বলেন, রাতে গরুগুলো গোয়ালে বাঁধা ছিল। রাতে অনেকবার বজ্রপাত হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি গরু তিনটি মরে পড়ে আছে।
অপরদিকে লামা পৌরসভার চম্পাতলীতে রাত সাড়ে ১১টায় একটানা বিকট শব্দে বজ্রপাত ও ভারি বর্ষণে বিভিন্ন গাছপালা এবং ইউনিটের সীমানাপ্রাচীরে পতিত হয়ে প্রচুর ক্ষতি হয়।
লামা থানার পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) মো. আলমগীর বজ্রপাতে দুজনের মৃত্যু ও চারটি গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন