
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেছেন, ‘বাংলাদেশ ও আমেরিকার বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করতে পেরে আমি আনন্দিত। গত ৫০ বছরে বাংলাদেশ ও আমেরিকার জনগণের মধ্যে অসংখ্য বন্ধন তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে একসঙ্গে কাজ করি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব প্রতি বছরই দৃঢ় ও গভীরতর হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় বাংলাদেশের উদারতা ও মানবিকতা বিশ্বের কাছে এক উদাহরণ। বাংলাদেশ ও রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় বৃহত্তম আন্তর্জাতিক দাতা যুক্তরাষ্ট্র। সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়টি আমেরিকার দূতাবাসের অন্যতম অগ্রাধিকার।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)। এ উপলক্ষে আজ রোববার রাজধানীর প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. নাফিজ সরাফাত বলেন, ‘আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালে দ্বিমুখী বাণিজ্য রেকর্ড ৯ বিলিয়ন ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশি পণ্যের বৃহত্তম একক-দেশীয় রপ্তানি গন্তব্য এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের বৃহত্তম উৎস। আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) আমদানির ফ্যাসিলিটি তৈরি করেছে। তারা দেশের খরস্রোতা নদীগুলো ড্রেজিংয়ে সাহায্য করেছে। বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তরের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দিয়েছে এবং বর্তমানে ভ্রমণ ও বাণিজ্যের সুবিধার্থে বিশ্বমানের বিমান ও যানবাহন সরবরাহ করছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং কন্টেস্টের (আইসিপিসি) প্রেসিডেন্ট অধ্যাপক বিল পাউচার। উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি মেম্বার সিআইডি মহাপরিচালক ব্যারিস্টার মাহাবুবুর রহমান, আব্দুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাঈনুদ্দিন মোনেম ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী চেয়ারম্যান শাহনুল হাসান খান।
অধ্যাপক বিল পাউচার বাংলাদেশ ও আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, ‘দুটি দেশ ও জাতি ৫০ বছর ধরে একটি অনন্য সম্পর্কের ভিত রচনা করেছে। আমরা সামনে আরও ৫০ বছর পরে এই সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব বলে আশাবাদী।’
বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এখন থেকে ৫০ বছর পর আপনারা কী করছেন সেটা দেখার জন্য আমি থাকব না। তবে আমার বিশ্বাস নাগরিক হিসেবে আপনারা গোড়া থেকে যে বিশ্বটা তৈরি করবেন সেটা হবে অসাধারণ। আগে কখনই এত সুযোগ, জ্ঞানের ভাণ্ডার বা সম্পদ কোনো সমাজের আত্মার মূল শক্তি ছিল না।’ সবাইকে নিজের শক্তির ওপর আস্থা রাখার অনুপ্রেরণা দেন অধ্যাপক পাউচার।
আলোচনায় শাহানুল হাসান খান বলেন, ‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ট বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। এটি আমাদের পররাষ্ট্রনীতি দেখলেই বোঝা যায়। বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়িয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলার ক্ষেত্রেও দেশটি বাংলাদেশের পক্ষে রয়েছে।’
অনুষ্ঠানে আব্দুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাঈনুদ্দিন মোনেম বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক বর্তমান সরকারের সময়ে নতুন মাত্রা পেয়েছে। তিনি এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন।
আলোচনা অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক এ এস এম সিরাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/আর