
বাংলাদেশ ও ভারতের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এক সূত্রে গাঁথা। দুদেশের সম্পর্ক সারা বিশ্বের জন্য সম্প্রীতির এক অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার (৮ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল’ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর মধ্যে অসাধারণ সাদৃশ্য রয়েছে। তারা দুজনই ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। দুজনই অহিংস আন্দোলনে বিশ্বাসী। এ দুই মহান নেতা কেবল বাংলাদেশ কিংবা ভারতের নেতা নন, তারা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা। তাদের দুজনের জীবন দর্শন বুঝা যাবে এ প্রদর্শনীর মাধ্যমে।
অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য মো. জগলুল হায়দার, খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মো. মাহাবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনী ৮-১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা চলবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
ভিন্নবার্তা ডটকম/এন