
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বিমান বাহিনী গেট এলাকার বনের ভেতর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ মার্চ) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, হোতাপাড়া বিমান বাহিনী গেট এলাকার বনের ভেতর এক কিশোর বোতল কুড়াতে যায়। এ সময় ওই যুবকের পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই খালেক।
ভিন্নবার্তা/এমএসআই