
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিতে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
সোমবার (১৬ অগাস্ট) ফকিরচাঁন সরদার কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আলো আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেয়র এ মন্তব্য করেন।
শেখ তাপস বলেন, ‘যে ত্যাগ-তিতিক্ষা ও অসীম সাহসিকতায় জাতির পিতা আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তার স্বপ্ন ছিল- স্বাধীন বাংলাদেশ হবে একটি সোনার বাংলা। তিনি সেটা দেখে যেতে পারেননি। আমরা তাকে হারানোর যে বেদনা, হারানোর যে শোক, সেই শোককে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শক্তিতে পরিণত করেছেন।’
বাংলাদেশ আজ বীর দর্পে সারা পৃথিবীর বুকে এগিয়ে চলছে জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। আজকের বাংলাদেশ কোনো দুর্ভিক্ষের দেশ না, কোনো ভিখারির দেশ না। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ, একটি মর্যাদাবান দেশ।’
অনুষ্ঠানে ৬০০ দুস্থ ও অসহায় মানুষের প্রত্যেককে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করা হয়।
এর আগে ডিএসসিসি মেয়র শেখ তাপস জাতীয় শোক দিবস উপলক্ষে ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও তবারক বিতরণে অংশ নেন।
সেখানে মেয়র শেখ তাপস বলেন, এই করোনা মহামারিতেও আমরা অনেক উন্নত দেশকে ছাড়িয়ে গেছি। আজ যুক্তরাষ্ট্রের মতো দেশে ১০ লাখের বেশি মানুষ মারা যায়, যেখানে ভারত নাজেহাল, যেখানে যুক্তরাজ্যে ৫ লাখ মানুষ মারা গেছে। সেখানে আজ বাংলাদেশকে বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের আদরে, ভালোবাসায় আলিঙ্গন করে রেখেছেন। তিনি করোনা প্রতিরোধে গণটিকার ব্যবস্থা করেছেন। আরও টিকা নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সহ-সভাপতি ও সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. সহিদ, সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরিফ হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান (ইমন), ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নাসির প্রমুখ বক্তব্য দেন।
ভিন্নবার্তা ডটকম/এন