
গত বছরের আগস্টের ভয়াবহ বন্যায় পর্যদুস্ত হওয়া ফেনীতে ৪৪১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি মৌসুমে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
সোমবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়েছে।
ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে টানা বৃষ্টির কারণে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমী এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রোবাংলোসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানিও। বিকেল ৪টায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বাঁধের চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। স্থানগুলো হলো জঙ্গলঘোনা দুটি, সাহেবনগর, দেড়পাড়া ও গদানগর।
ফুলগাজী-পরশুরাম ছাগলনাইয়াসহ বিভিন্ন এলাকায় বসতিতেও পানি উঠেছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।