
রাজশাহীতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার জেরে ১৩ বছর বয়সী এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে নিজ শয়নকক্ষে জুথি আক্তার নামের ওই কিশোরী আত্মহত্যা করে বলে জানা গেছে।
তার বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার মুরারীপুর এলাকায়। তার মায়ের নাম কাকলি বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তারা চরে বসবাস করত। পারিবারিক সমস্যার কারণে তার বাবার সঙ্গে মা কাকলি বেগমের তালাক হয়। এরপর মা কাকলি বেগমের সঙ্গে পবার মুরারীপুর এলাকায় বসবাস করত ওই কিশোরী।
মা কাকলি বেগম নগরীর একটি কোম্পানিতে কাজ করেন। দিনের অধিকাংশ সময় বাড়িতে একাই থাকত জুথি আক্তার। এর মধ্যে প্রতিবেশী এক কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে জুথি আক্তার। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে দুই পারিবারের অভিভাবকরা এ সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়।
এর জের ধরে আত্মহত্যার হুমকি দিয়ে আসছিল জুথি আক্তার। বুধবার সকালে বাসায় কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হাসান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠিয়েছেন। হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই