
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই বাগানের চা শ্রমিক বিপুল সাওতাল (২২) এবং একই বাগানের কৃষ্ণ মাদ্রাজীর মেয়ে গীতা মাদ্রাজীর (১৬)।
জানা গেছে, এই যুগলের দীর্ঘ দিন ধরে চলা প্রেমের সম্পর্কের জেরে এক পর্যায়ে গীতা মাদ্রাজী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই পর্যায়ে গত এক মাস পূর্বে গীতাকে নিজ বাড়িতে নিয়েন আসে বিপুল সাওতাল। বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে পারেনি।
এ নিয়ে প্রায়শই পরিবারের সাথে ঝগড়া হতো বিপুলের। আর এতেই অভিমান করে শনিবার সকালে প্রেমিক যুগল একসাথে মিলিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপরে সবার অজান্তে বিষপান করে এই প্রেমিক-প্রেমিকা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বছরখানেক আগে দলই চা বাগানের লছমী লাইনে বিপুল সাওতাল একই বাগানের নতুন লাইনের গীতা মাদ্রাজীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে গীতা গর্ভবতী হয়ে পড়লে গীতা প্রেমিক বিপুলকে ঘরে তোলার চাপ দেন। প্রায় এক মাস পূর্বে গীতাকে ঘরে তোলেন বিপুল। কিন্তু তাদের এই বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে অসম্মতি জানালে ক্ষোভ ও অভিমান করে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সবার অজান্তে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তারা। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে শনিবার দুপুরে গীতা মাদ্রাজী মারা যান। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিপুল সাওতাল এর মৃত্যু হয়। দলই চা বাগান পঞ্চায়েত সম্পাদক সেতু রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শিবনারায়ণ শীল জানান, মেয়েটি গর্ভবতী ছিলেন। প্রায় এক মাস ধরে মেয়েটি ছেলের বাড়িতেই অবস্থান করছিল।
ভিন্নবার্তা/এমএসআই