
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৬ দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দিয়েছেন৷
দাবিগুলো হলো: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপার্জনক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এককালীন অর্থ সহায়তা প্রদান, স্বামীহারা নারীদের বিধবা ভাতার আওতাভুক্ত, ক্ষতিগ্রস্ত মসজিদ পুনসংস্কার করে দ্রুত নামাজের ব্যবস্থা, মসজিদ সংলগ্ন রাস্তা মেরামত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা৷
স্মারকলিপি প্রদানকালে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের লোকজন এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন৷ এ সময় তারা হতাহত ৪০টি পরিবারের একটি তালিকা জেলা প্রশাসকের কাছে জমা দেন৷
স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিস্ফোরণে নিহত মসজিদের ইমামের ছেলে নাঈমুল হাসান বলেন, আমরা তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাকে জানাচ্ছি যে, আমাদের স্বজনহারা পরিবার এখনো প্রতিনিয়ত চোখের জল ফেলছি৷ আমাদের পরিবারের অনেকেই সামর্থ্যহীন৷ আমাদের অনেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে৷ বর্তমানে হতাহত পরিবারগুলো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে৷ আমাদের চাওয়া-পাওয়াগুলো যেন মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে দেখেন৷
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ