
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্ত্রী। এ নিয়ে ইউনিয়নজুড়ে সাধারণ ভোটারদের মাঝে কৌতূহল দেখা দিয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হয়েছেন আব্দুর রউফ। তিনি বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার একই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী মেনোকা মাহাবুব সরকার।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের তালিকায় স্বামী-স্ত্রীর নাম দেখতে পেয়ে স্থানীয় ভোটারদের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছে। ইউনিয়নের হাট-বাজার, চায়ের দোকানসহ সর্বত্র এখন চেয়ারম্যান প্রার্থী এই দম্পতি আলোচনার কেন্দ্রবিন্দু।
স্থানীয় কুড়িবিশ্বাস গ্রামের আব্দুর রাজাক ও নুর আমিন বলেন, চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী দুইজন প্রার্থী হয়েছেন, এটা আমাদের ইউনিয়নে প্রথম। এখন তো সবখানেই তাদের বিষয়ে আলোচনা চলছে। আর আমরা ভোটাররা পড়েছি বিপাকে।
একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, আমি জাতীয় পার্টি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের একজন ভক্ত। কিন্তু মেনোকা ভাবিও আমাকে ভীষণ ভালোবাসেন। এক্ষেত্রে আমি কাকে ভোট দেব, তা নিজেই নির্ধারণ করতে পারছি না।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ বলেন, গতবার নির্বাচনে তিনি সামান্য ভোটে পরাজিত হয়েছেন। এবার বিশ্বাস তিনি জয়লাভ করবেন। তবে স্ত্রীর প্রার্থিতা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
ভিন্নবার্তা ডটকম/আর