
নেত্রকোনার পূর্বধলায় মুক্তিযোদ্ধা সংসদসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন। কোন্দলের কারণে তারা এক সঙ্গে কর্মসূচি পালন করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের (বীরপ্রতীক) নেতৃত্বাধীন গ্রুপ পূর্বধলার মধ্যবাজারে দলীয় কার্যালয়ের সামনে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে। ওয়ারেসাত হোসেন বেলাল নিজেও তাতে যোগ দেন। অন্যদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নেতৃত্বাধীন গ্রুপের নেতাকর্মীরা শোকর্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা পরিষদের পাশের অডিটোরিয়ামে। তবে আহমদ হোসেন সেখানে উপস্থিত ছিলেন না। তিনি ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি পালন করছেন। এছাড়া পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন তার অনুগত নেতাকর্মীদের নিয়ে উপজেলার জগৎমণি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করেন আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের। উল্লিখিত তিনজনের বাইরে ঢাকা মহানগর যুবলীগের নেতা মাজহারুল ইসলাম সোহেল পূর্বধলা হেলিপ্যাড মাঠে, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার তুহিন আহমেদ খান পূর্বধলা ঈদগাহ মাঠে এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য তামিম খান উপজেলার ভিকুনিয়া বাজারে পৃথকভাবে একই রকম কর্মসূচির আয়োজন করেন।
এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হেলিপ্যাড মাঠে উপজেলা প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়ে খোলা আকাশের নীচে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে শোক দিবসের আলোচনা সভা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স এর সাথে কথা বললে তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে হেলিপ্যাড মাঠ মুক্তিযোদ্ধা সংসদকে বরাদ্দ দেওয়া হয়েছিল উনারা সেখানে কোন পেন্ডেল করেনি।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী মিছিল, শোকর্যালি করে ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে নিজ নিজ নেতার অনুষ্ঠানে যোগ দেন। এ কারণে উপজেলা সদরের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হযবরল হয়ে ওঠে একযোগে বাজানো অসংখ্য মাইকের আওয়াজ।
ভিন্নবার্তা/এমএসআই