
ইউনিফর্ম পরে টিকটক-লাইকির (অ্যাপ ব্যবহার) মতো ভিডিও বানাতে বা শেয়ার করার ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে সম্প্রতি পুলিশের বিভিন্ন ইউনিটে নির্দেশনা পাঠিয়েছে ডিএমপি।
নির্দেশনার বিষয়টি মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির তেজগাঁও, রমনা ও লালবাগ বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওই নির্দেশনায় বলা হয়েছে, ডিএমপির কতিপয় পুলিশ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচার করছেন। এ ধরনের কার্যকলাপ রোধে পোস্টদাতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্দেশনায় প্রতিটি ফোর্সের ইনচার্জদের সহকর্মীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, পুলিশের পোশাক পরে অথবা পুলিশ-বিষয়ক কোনো পোস্ট ফেসবুকে আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ মেনে চলতে হবে।
জানতে চাইলে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, পুলিশ সদস্যদের ইউনিফর্ম পরে শালীনতা বজায় রাখতে হবে। বাহিনীর মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজ করলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। টিকটক, লাইকির বিষয়ে নির্দেশনা আগেও ছিল। সাম্প্রতিক সময়ে এগুলো সামনে আসায় পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে এবং এ ধরনের কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হতে পারে।
ভিন্নবার্তা ডটকম/এন