
চট্টগ্রামের সাতকানিয়ার এঁওচিয়ায় বাড়ির পাশের রাস্তা থেকে তুলে নিয়ে দুই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ৭ ফেব্রুয়ারি উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ইছামতি আলী নগর এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের শিকার এক শিশুর বাবা থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- এঁওচিয়া টুডির বাড়ি এলাকার ইউনুছের ছেলে মেজবাহ উদ্দিন এবং কাঞ্চনা বকশিরখীল ৭ নম্বর ওয়ার্ড এলাকার আলমগীর (১৯)।
জানা গেছে, ধর্ষণের শিকার দুই শিশু এঁওচিয়া ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করে। তারা সম্পর্কে খালা-ভাগনি। গত সোমবার ভগ্নিপতি আর বোন আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে দুই শিশু পান-সুপারি আনতে স্থানীয় পানের দোকানে গেলে অভিযুক্তরা তাদের জোর করে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে তাদের এঁওচিয়া ইউনিয়নের তলিপাড়া এলাকায় মুরগির ফার্মের পাশে একটি পাহাড়ে আটকে রেখে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়।
পরদিন মঙ্গলবার ধর্ষণের শিকার দুই শিশু বাড়ি ফিরে ঘটনার কথা জানালে অভিভাবকরা তাৎক্ষণিক তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে বৃহস্পতিবার থানায় মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সাতকানিয়া থানার ওসি মো. আবদুল জলিল বলেন, ধর্ষণের শিকার শিক্ষার্থীরা সম্পর্কে খালা-ভাগনি। বাড়ির বাইরে দোকানে যাওয়ার পথে অভিযুক্তরা তাদের অপহরণ করে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে। শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়।
ভিন্নবার্তা ডটকম/আর