
নেত্রকোনার মদনে পানিতে ডুবে হাসাইন (৪) ও তাসলিমা (২) নামে দুই ভাই-বোন মারা গেছে। মঙ্গলবার বিকালে নিজ বাড়ির পেছনে নদীর পানিতে ডুবে মৃত্যু হয় তাদের। হাসাইন ও তাসলিমা মদন উপজেলার মাঘান ইউনিয়নের রামদাসখিলা গ্রামের শফিকুল ইসলামের সন্তান।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শফিকুল ইসলাম তার সন্তানদের সঙ্গে নিয়ে দুপুরে খাওয়া-দাওয়া করেন। পরে শফিকুল ও তার স্ত্রী গরুর খাবার দিতে বাড়ির সামনে চলে যান। সেই সুযোগে খালি ঘর থেকে শিশু দুইটি ঘরের পেছনের নদীতে গিয়ে পড়ে যায়। বাবা-মা ঘরে এসে শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বিকালে নদীর পানিতে শিশু দুইটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, পানিতে ডুবে দুইটি শিশু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের পরিবারের লোকজন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই