
রাত্রি দাস : নেত্রকোনায় ট্রাকের সাথে মাছবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত ও এক জন আহত হয়েছে। আজ শনিবার ভোররাতে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাগড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাছ ব্যাবসায়ী গাছতলা গ্রামের রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ চালক আবুচান। এসময় গাড়ীতে থাকা অপর একজন আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্যেশে ছেড়ে আসে। নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার বাগড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া মারা যায়। গুরুতর আহত পিকআপ চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ভিন্নবার্তা ডটকমকে জানান, নিহত দুইজনের লাশ শ্যামগঞ্জ পুলিশ ফারিতে রাখা হয়েছে ও অপর লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের পর নিহতদের নিজ নিজ স্বজনদের নিকট বুঝিয়ে দেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস