
নেত্রকোনা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার হয়েছে। সেই সাথে ঘটনায় জড়িত এক নারী ও তিন ভাইসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার ভারতীয় সিমান্তের ফেনকীকান্দা গ্রামের মোঃ আলীর বসত ঘর থেকে অভিযান চালিয়ে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান,পুলিশ সুপার আকবর আলী মুনসী স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ডিবির এস.আই মোহাম্মদ আব্দুল ওয়াহাবের নেতৃত্বে এস.আই নাফিজুল ইসলাম, এএসআই হরিপদ পাল, এএসআই আমিনুল ইসলাম, এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ দূর্গাপুর উপজেলার ফেনকীকান্দা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার তাদের পুলিশ সুপার কার্যালয়ে হাজির করা হয়।
এ সময় ফেনকীকান্দা গ্রামের মোঃ আলীর বসত ঘর থেকে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও মদ বিক্রির ১৪ হাজার টাকাসহ মৃত আব্দুল কুদ্দুসের তিন পুত্র মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (২৪), মো. নুরুজ্জামান ওরফে জামাল (২২), কামরুজ্জামান সোহেল (২০)তিন সহোদর ভাই ও হক মিয়া (২৩), তানিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়। আটককৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা।
এ ব্যাপারে ডিবির এস.আই মোহাম্মদ আব্দুল ওয়াহাব বাদী হয়ে বৃহস্পতিবার দূর্গাপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই