
নেত্রকোনায় পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক এসআই নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনার সতরশ্রী নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় তার মৃত্যু ঘটে।
নিহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান নেত্রকোনা জেলার বারহাট্রা থানায় কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা পৌর শহরের নাগঢ়া এলাকায় বসবাস করতেন।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানায়,এস আই হাবিব বৃহস্পতিবার রাতে জেলা শহর থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল বারহাট্রা যাচ্ছিল। এসময় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ভ্যান চাপায় ঘটনাস্থলেই এস আই হাবিবুর রহমান গুরুতর আহত হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহে নেয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।
ভিন্নবার্তা/এমএসআই