
আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশের ন্যায় নেত্রকোনায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ৩৪৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।
ঘর বরাদ্দ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসকের উদ্যোগে রোববার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান এ সময় বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা সদর ও অন্যান্য উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩৪৭টি পরিবারকে নতুন করে ঘর প্রদান করা হবে। আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী এসব জমি ও ঘর আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করবেন।
অনুষ্ঠানে জেলার মদন উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে জানান তিনি। এসময় তিনি বলেন, “আশ্রয়ণ প্রকল্প গরিব মানুষের মুখে হাসি এনে দিয়েছে। প্রকল্পটি গৃহহীন মানুষের জন্য শুধু বাসস্থানই নয়, সুপেয় পানি, বিদ্যুৎ ও সেনিটেশন সুবিধাও দিয়েছে।”
প্রেস কনফারেন্সে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদসহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই