
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কালীগঙ্গা নদীর পাতিলঝাপ পয়েন্টে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে সিফাত (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এদিকে রোববার দুপুরে ওয়াসিম (২০) নামে আরেক যুবকের লাশ উদ্ধার করে ডুবুরি দল। গত শনিবার আয়োজিত নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবে তারা নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, সিফাত ও ওয়াসিম ট্রলারযোগে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে অনেকের সঙ্গে শনিবার পাতিলঝাপ এলাকায় নৌকাবাইচ দেখতে আসেন। এক সময় ট্রলারটি স্রোতের মুখে ডুবে যায়। এতে দুই যুবকের নিখোঁজ হওয়ার খবর জানতে পারে তারা।
পুলিশ ও এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ডুবুরি দল রোববার সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। দুপুরে পাতিলঝাপ বাজার থেকে কিছু দূর থেকে ওয়াসিমের লাশ উদ্ধার করে। সোমবার ভোর ৬টার দিকে সিফাতের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
নবাবগঞ্জ থানার এসআই অজিত কুমার বলেন, দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই