
পাবনায় নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের দাড়িয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- সুজানগর থানার আহম্মেদপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সবুজ খার দুই মেয়ে সিনথিয়া আক্তার (৫) ও তিন মাস বয়সী আয়েশা আক্তার। নিহত অটোরিকশা চালকের নাম-পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন সবুজ খার স্ত্রী বিলকিস আক্তার (২২)।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাবনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দাড়িয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি নছিমনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়।
আহত দুইজনের মধ্যে একজনকে কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত বিলকিস আক্তারকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন