
মাছের মেলা। নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে বড় বড় মাছের কাল্পনিক সব সংগ্রহ। এ কল্পনাকে বাস্তবে রুপ দিতে বসেছে মেলা। মেলাতে ঢুকতেই টের পাওয়া যায় বাতাসে তরতাজা মাছের ঘ্রাণ। চারপাশে ডালায় সাজানো নানা জাতের মাছ শীতের মিঠেকড়া রোদে চকচক করছে। মেলায় হাজারো মানুষের ভিড়। এখানে শুধু মাছ কিনতে সবাই আসেনি। অনেকে এসেছে মাছ দেখতে। এটি বগুড়ার ধুনট উপজেলায় কালেরপাড়া ইউনিয়নে শতাব্দী প্রাচীন বকচর মাছের মেলার অপরুপ দৃশ্য।
প্রতি বছরের ন্যায় এবারও মাঘ মাসের শেষ সপ্তাহের বুধবার মাছের মেলা শুরু হয়েছে। এ অঞ্চলের মানুষ অধীর আগ্রহে থাকেন কখন বছর ঘুরে শুরু হবে মাছের মেলা। মাছের মেলাটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। করোনা দূর্যোগেও মেলায় কোন ছেদ পড়েনি। বৃহস্পতিবার মেলাটি শেষ হবে। মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, গৃহস্থালী সামগ্রী, খেলনা সামগ্রীসহ গ্রামীণ ঐতিহ্যের সব রকম দোকান স্থান পেয়েছে।
সরেজমিন দেখা যায়, মেলায় সব বয়সী ও শ্রেণি পেশার মানুষের স্রোত নেমেছে। মেলা উপলক্ষে আত্মীয় স্বজনদের দাওয়াত করেছেন স্থানীয়রা। এ তালিকার শীর্ষে রয়েছেন নতুন জামাই-বউ। বছরের এ সময়টাতে এ অঞ্চলের মেয়েরা স্বামীকে নিয়ে বাবার বাড়ি আসেন। পরে এ মেলাতে জামাইরা আসেন মাছ-মিষ্টি কিনতে। মেলায় ওঠা বড় আকারের মাছ ও মিষ্টি কিনে জামাই ফেরেন শ্বশুরবাড়ি। সেই মাছ-মিষ্টিতে এলাকার প্রতি বাড়িতে চলে জামাই উৎসব।
মেলার সিংহভাগ জায়গা মাছ ব্যবসায়ীদের দখলে। এর মধ্যে আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা রয়েছেন। ট্রাকে ট্রাকে মাছ আড়তে নামছে আর খুচরা ব্যবসায়ীরা সেগুলো কিনে দোকানে ভরছেন। তবে এবার মেলায় অন্যান্য মাছের চেয়ে বাঘাইড় মাছের আমদানী ও কদর বেশী। মেলায় ৫ কেজি থেকে শুরু করে ৫০ কেজি ওজনের বাঘাইড় মাছ আমদানী হয়েছে। মাছের আকার ভেদে ৮০০ টাকা থেকে দেড় হাজার টাকা কেজি দরে এই বাঘাইড় মাছ বিক্রি হচ্ছে।
মেলায় আসা আব্দুল হামিদ জানান, প্রতিটি মেলাই বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের অংশ। বকচর মেলার সঙ্গেও সেই ইতিহাস-ঐতিহ্য জড়িয়ে রয়েছে। তাই এ মেলা দেখতে তিনি সিরাজগঞ্জ শহর থেকে এসেছেন। দুই দিনের মেলায় এতো মানুষের সমাগম তিনি অতীতে কোনো মেলায় দেখেননি। অন্য কোনো মেলায় এত বড় বড় মাছ দেখার সৌভাগ্যও হয়নি তার।
আলমগীর হোসেন, বছির উদ্দিন, বাহরাম আলী সহ মেলায় আসা কয়েকজন জানান, মেলায় এতো মানুষের সমাগম ঘটে তা ভাবতেও পারা যায় না। অথচ এ মেলায় সেটিই ঘটেছে। যা স্বচক্ষে দেখা হলো। পাশাপাশি মাছের মেলাখ্যাত বকচর মেলায় এসে বড় বড় মাছ দেখার সঙ্গে সাধ্যানুসারে মাছও কেনা হলো বলে তারা জানান।
মেলার মাছ ব্যবসায়ী আব্দুল গফুর জানান, এবারের মেলায় যমুনা নদী ও চলন বিলের বড় বড় বিভিন্ন প্রজাতির মাছসহ পুকুরে চাষ করা মাছের প্রচুর আমদানি ঘটেছে। তবে ৭-৮কেজি ওজনের মাছের চাহিদা বেশি। ক্রেতার চাহিদা বুঝে ব্যবসায়ীরা মেলায় এই ওজনের মাছ বেশি আমদানি করেছেন।
উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন বলেন, এই মেলা এলাকাবাসির কাছে পুরাতন একটি ঐতিহ্য। মেলায় হাজারো মানুষের সমাগম ঘটেছে।
ভিন্নবার্তা/এমএসআই