
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দায়ের করা মামলায় নাসির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে মামলা দায়েরের পরপরই নাসিরকে তার নিজ বাড়ি উপজেলার ব্রাহ্মন্দী কান্দাপাড়া থেকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানা পুলিশ দায়েরকৃত মামলার বরাতে জানায়, আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামের এক প্রবাসী স্ত্রীর (২৮) কাছ থেকে কিছুদিন আগে একটি মোবাইল সেট কিনে গ্রেফতারকৃত নাসির। ওই মোবাইলে থাকা কিছু ব্যক্তিগত ছবি নাসির পেয়ে গেলে সে প্রবাসীর স্ত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছিল।
গৃহবধূ তাতে রাজি না হলে গত ২৪ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে নাসির তার ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। গৃহবধূ ঘরে প্রবেশ করামাত্র নাসির তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে তা ধর্ষিতার প্রবাসী স্বামীর কাছে প্রেরণ করে। এ বিষয়ে ধর্ষিতা নিজে বাদী হয়ে রোববার রাতে থানায় মামলা করলে অভিযুক্ত নাসিরকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, অভিযুক্তকে গ্রেফতারের পর সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে ধর্ষিতাকে শারীরিক পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই