
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচ প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই বাংলাদেশী। তাদের উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা সবাই ফেনী জেলার।
হাইকমিশনের দেয়া প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতরা হচ্ছেন রাজু আহমেদ, মোস্তফা কামাল, ইসমাইল হোসেন, শিশু নাদিম হোসেন ও আবুল হোসেন। তবে দুর্ঘটনায় আহত প্রবাসীদের নাম-পরিচয় গতকাল রাত ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। গতকাল শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় থাকা বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব কামরুল আলম খান নয়া দিগন্তকে দুর্ঘটনায় প্রবাসী পাঁচ বাংলাদেশী নিহত ও দুইজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি দুর্ঘটনার প্রসঙ্গে বলেন, প্রাইভেট কারটি কিভাবে যে কাভার্ড ট্রাকের ভেতরে ঢুকে পড়েছে সেটির হিসাব তিনি কোনোভাবে মেলাতে পারছেন না। তবে ঘটনার পরপরই নিহত প্রাইভেট কারের চালকের আত্মীয় মাইনুদ্দিন দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তার পৌঁছতে দুই ঘণ্টার মতো লাগবে বলে তাকে টেলিফোনে জানিয়েছেন।
হাইকমিশনের দ্বিতীয় সচিব কামরুল আলম খান দুর্ঘটনার বিষয়ে জানান, দক্ষিণ আফ্রিকা সময় সকাল আনুমানিক ৯টার দিকে কেপটাউনের বৌ ফোস্ট এলাকা দিয়ে যাওয়ার সময় প্রাইভেট কারটি ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়। এ সময় দুইজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ।
তিনি জানান, আমার কাছে দুর্ঘটনার যে ছবি এসেছে সেটিতে দেখা যাচ্ছে, বড় কাভার্ড ট্রাকের ভেতরে দুর্ঘটনায় পতিত প্রাইভেট কারটি ঢুকে পড়েছে। এটি আমার মাথায় আসছে না, পুরো গাড়িটি কিভাবে ট্রাকের ভেতরে ঢুকে পড়ল! এ সময় তিনি বলেন, আমার সাথে মাইনুদ্দিন নামে নিহতের এক আত্মীয়ের সাথে কথা হয়েছে। তিনি আমাকে জানালেন, প্রাইভেট কারটি যিনি চালাচ্ছিলেন তিনি তার আপন বোন জামাই। তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এখন তাদের যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই হাসপাতালের উদ্দেশে তিনি খবর পেয়ে রওনা হয়েছেন। তার সেখানে পৌঁছতে আরো দুই ঘণ্টা সময় লাগবে। এরপর তিনি বিস্তারিত জেনে জানাতে পারবেন বলে মাইনুদ্দিন জানিয়েছেন। নিহতরা সবাই একই ফ্যামিলির সম্ভবত দুলাভাই, শ্যালকসহ আত্মীয়স্বজন থাকতে পারেন বলে হাইকমিশনের দ্বিতীয় সচিব কামরুল আলম খান জানান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ