
নাটোরের বড়াইগ্রামে তৃতীয় বিয়ে মেনে না নেওয়ায় কাঠের বাটাম দিয়ে প্রথম স্ত্রীর মাথা ফাটিয়ে দিয়েছে স্বামী ইসহাক আলী। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের মনপিরীত গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রেখা বেগম (৪৫)।
জানা যায়, দুই সন্তান ও প্রথম স্ত্রীকে রেখে ইসাহাক আলী আট বছর আগে উপজেলার জোয়াড়ী গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। কিছুদিন পর সেই স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় জেলে যান ইসাহাক আলী। এরপর জামিনে মুক্তি পেয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি তিনি ফরিদপুর জেলা সদরের আরেক মেয়েকে বিয়ে করে বাড়িতে ফিরে আসেন। কিন্তু প্রথম স্ত্রী ও তার সন্তানরা এ বিয়ে মেনে না নেওয়ায় সাংসারিক অশান্তি দেখা দেয়। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ইসাহাক আলী উঠানে পরে থাকা কাঠের বাটাম দিয়ে রেখা বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্বজনরা তাকে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাতেই নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, তদন্তসাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/আর