
বর্তমান বাস্তবতায় কেমিক্যাল শিল্প পার্ক বাস্তবায়ন সময় সাপেক্ষ হওয়ায় অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে পুরাতন ঢাকার রাসায়নিক গুদামগুলোকে শৃঙ্খলায় আনার জন্য পাঁচটি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
বৃহস্পতিবার ‘সমসাময়িক পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনা প্রসঙ্গে’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বিআইপি’র পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও নগরপরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান প্রস্তাবগুলো তুলে ধরেন।
প্রস্তাবগুলো হলো
প্রথম, অধিক বিপদজনক রাসায়নিক গুদামসমূহকে অনতিবিলম্বে সরকারি-বেসরকারি শিল্প এলাকায় স্থানান্তর করবার উদ্যোগ নেয়া প্রয়োজন।
দ্বিতীয়, তুলনামূলক কম বিপদজনক রাসায়নিক গুদামকে পুরান ঢাকার সুনির্দিষ্ট কিছু ভবনের মধ্যে স্থানান্তর করে আশু ঝুঁকি কমানো যায় কি না সে ব্যাপারেও পরিকল্পনাগত বিশ্লেষণ করা একান্ত প্রয়োজন।
তৃতীয়, আবাসিক ভবনে মিশ্র ব্যবহারের নামে রাসায়নিক গুদাম বা কারখানা কোনোভাবেই অনুমোদন দেয়া যাবে না এবং অনতিবিলম্বে আবাসিক ভবন হতে সকল রাসায়নিক গুদাম বা কারখানা সরাতে হবে।
চতুর্থ, রাসায়নিক উপাদান উৎপাদন, বিপণন, বিক্রি ও গুদামজাত করার বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা প্রণয়ন করতে হবে। পঞ্চম, পুরান ঢাকার বাইরে টংঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম প্রভৃতি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে রাসায়নিক গুদাম আছে, সেগুলোকে নজরদারির আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে বিআইপির পরিকল্পনাবিদরা বলছেন, পুরান ঢাকাসহ দেশের সকল স্থানে অনুমোদনহীন ও বেআইনিভাবে রাসায়নিক গুদাম ও কারখানা স্থাপনকারীদের আইনের আওতায় নিয়ে এসে মানুষের জীবন রক্ষার্থে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া উচিত। একইসাথে ঢাকা সাবওয়ে নির্মাণের মত মেগা প্রকল্প নেয়ার আগে রাজধানী ও দেশের পরিকল্পনাগত ও আর্থ-সামাজিক বাস্তবতা মাথায় রেখে বিভিন্ন বিকল্পকে মাথায় রেখে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়া উচিত।
মুল বক্তব্যে অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, পুরান ঢাকার আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাকে দুর্ঘটনা নয়, বরং ব্যবসায়ী, বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের অতি মুনাফা লাভের প্রবণতা এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব পালনে ব্যর্থতার সম্মিলিত দায়ের ফলাফল। পুরাতন ঢাকা বোমার উপর বসবাস করছে, এটা জানা সত্বেও মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থাসমূহের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রভাবশালী মহল ও রাজনৈতিক সংশ্লিষ্টতার যে দায় আছে তাকে উপেক্ষা করে জনস্বার্থ ও মানুষের জান-মাল রক্ষায় সরকারের বলিষ্ট পদক্ষেপ গ্রহণ না করলে এরূপ ঘটনার পুনরাবৃত্তি কেউ রোধ করতে পারবে না।
ভিন্নবার্তা/এমএসআই