
করোনার প্রতিষেধক হিসেবে দেশের ৮০ ভাগ মানুষকে ডিসেম্বরের মধ্যেই টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, ‘পর্যায়ক্রমে দেশের সব নাগরিকের টিকার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। যাতে জানুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়। সরকার সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমটির’ সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলনে, ‘শুরুতে একটি মহল টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিল। এখন তারা অনেকেই টিকা নিচ্ছেন। টিকা নিয়ে হতাশার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দেশের মানুষের জন্য কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন নেয়ার পরও মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। মাস্ক না পরলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- নিয়ামতপুর উপজলো নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানসহ উপজেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিন্নবার্তা ডটকম/এন