
ভালো আছি। কেবল হাতে একটু ব্যথা করছে। কিন্তু বাবা মা এবং বড় ভাই টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন। তারা বলেছেন এটা স্বাভাবিক। তাই আর কোনও ভয় পাচ্ছি না’—বাংলা ট্রিবিউনকে বলছিল তাহসান রহমান। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান। সোমবার (১ নভেম্বর) সকালে টিকা নিয়েছে সে। ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের প্রথমদিনে যে দু হাজার শিক্ষার্থী টিকা পেয়েছে,তার শুরুটা হয়েছে তাহসানকে দিয়েই।
প্রথমদিনে এই স্কুলের ২৫টি বুথে টিকা দেওয়ার কথা থাকলেও ১২টি বুথে টিকা দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার (২ নভেম্বর) থেকে সবগুলো বুথে টিকা দেওয়া হবে। এই স্কুলে সোমবার ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পরীক্ষার্থী এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে টিকা নেওয়ার পর তাহসান বাংলা ট্রিবিউনকে জানায়, তারা বাবা-মা দুজনেই শিক্ষক। ‘শিক্ষকরা আলো দেখান। তাদের দেখানো পথ ধরে মানুষ এগিয়ে যায়। আমিও আমার বাবা-মায়ের পথ ধরে সামনের সারিতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। স্কুল কর্তৃপক্ষ টিকার জন্য নিবন্ধন করে দিয়েছে, তাই সমস্যা হয়নি। তবে আজ সকাল থেকে একটু স্নায়ুচাপে ভুগেছি। কিছুটা ভয়ও হচ্ছিল। তবে সবার সহযোগিতা পেয়ে সেটা কেটে গেছে’—বলছিল তাহসান।
এরপর রাত নয়টায় যখন তাহসানের সঙ্গে কথা হচ্ছিলো তখন সে মায়ের পাশে। তার মা নাসিমা আক্তার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।
তিনি বলেন, একটু টেনশন হচ্ছিল, প্রথম টিকা নেবে। কিন্তু এও মনে হচ্ছিল টিকা নিলে সুরক্ষিত থাকবে, যদিও আগের মতোই সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাতে কোনও ছাড় নেই। কিন্তু টিকাদান কর্মসূচিতে সে অংশ নেবে এটাও অনেক আনন্দের ছিল।’
‘আমাদের পুরো পরিবার এর আগে টিকার দুই ডোজ সম্পন্ন হয়েছে। আগে থেকেই মনে হচ্ছি, যদি ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হতো, তাহলে ছোট ছেলেটাকেও দিতে পারতাম। এবার সুযোগ পেয়ে আর হাতছাড়া করতে চাইনি। সেই সঙ্গে আমার ছেলে প্রথম টিকা নিয়েছে-এটাও আমার জন্য খুব আনন্দের, গর্বের।
টিকা কার্যক্রমের প্রথম দিনে টিকা নিয়েছে এসএসসি পরীক্ষার্থী সাদাত মাসুদ সামি। সাদাত জানায়, হাত ব্যথা করছে, তাও খুব সামান্য। জ্বর হয়নি এখনও।
সাদাতের বাবা রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাসুদুল হাসান। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, চলতি বছরে যখন প্রথম টিকাদান কার্যক্রম শুরু হয়, তখনি তিনিও টিকা নিয়েছেন। তাই চাইছিলেন একমাত্র ছেলেও টিকা পাক। মো. মাসুদুল হাসান বলেন, বাইরের দেশে শিশুদের টিকা দেওয়া হচ্ছে, পরিচিত অনেকেই দিয়েছে। তাই টিকা নিয়ে অন্যরকম আশঙ্কা কাজ করেনি।
আরেক শিক্ষার্থী ইবাদুর রহমান অয়নের অনুভূতি একই, ‘কিছুটা ভয় লেগেছে। তবে টিকা নিতে পারাটা আনন্দেরও। অয়নের মা মাহমুদা রহমান মলি বলেন, ‘ছোট মানুষ একটু ভয় ছিল। কিন্তু টিকা দেওয়ার পর তা কেটে গেছে।’
নবম শ্রেণির ছাত্রী ফাহমিদা নুসরাত ফারিহা বলে, ‘অনেকের কাছেই শুনেছি জ্বর হয়, হাত ব্যথা করে। এ কারণে একটু ভয় লেগেছে’।
রাত নয়টায় ফারিহা জানায়, ‘শুরুতে যে শঙ্কা ছিল সেটা টিকা নেওয়ার পরই কেটে গেছে। এখন মনে হচ্ছে, আমাদের আরও ভালো সুরক্ষার ব্যবস্থা হলো, যদিও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এখন আবার আগের মতো স্কুলে আসতে পারবো। করোনার বিরুদ্ধে জয়ের জন্য এই ভয়টুকুকে জয় করাই যায়।’
নবম শ্রেণির শ্রেণি শিক্ষক পরাগ কোহিনূর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নবম শ্রেণির সেকশন ২ এর ৩০ জনের নিবন্ধন হয়েছে। কেবল আমার সেকশনেই নয়, সব ক্লাসেই এমনটি ঘটেছে। যারা নিবন্ধন করতে পারেনি তাদের সব তথ্য আমরা আবারও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) পাঠাবো।’
শিক্ষার্থীরা কেমন আছে জানতে চেয়ে রাতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পরাগ কোহিনূর বলেন, সবাই ঠিক আছে, হাতে একটু ব্যথার কথাই বলেছে সবাই। আর কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার কথা কেউ জানায়নি।
‘টিকা নিয়ে তো সবাই দেখা যাচ্ছে উচ্ছ্বসিত, শিক্ষার্থীদের ছবি, ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব’ হাসতে হাসতে বলেন পরাগ কোহিনূর।
ভিন্নবার্তা/এমএসআই