
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচে হেরে বিদায় অনেকটাই নিশ্চিত বাংলাদেশের। তবুও অন্তত একটি জয়ের লক্ষ্যে আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবিতে ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে গত ১৪ বছর ধরে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবারও এখন পর্যন্ত জয়হীন লাল-সবুজের দল। বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন থেকেও প্রায় ছিটকে গেছে তারা। তবে শেষ ম্যাচগুলো থেকেও পাওয়ার আছে বাংলাদেশের। কারণ এই জয়গুলো নির্ধারণ করবে বিশ্বকাপের আগামী আসরে সরাসরি খেলার টিকেট।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে এবারের দুই ফাইনালিস্ট। তাদের সঙ্গে থাকবে ফাইনালের পরদিন অর্থাৎ ১৫ নভেম্বর র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের বাকি শীর্ষ ৬ দল। এই মহূর্তে বাংলাদেশের অবস্থান র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। তাই সেরা আটে থাকতে হলে অন্তত একটি জয় চাই বাংলাদেশের।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। এর আগে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুই অলরাউন্ডারকে ছাড়াই প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ বিশ্বকাপ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দল : টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বিয়র্ন ফোরটুইন, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।
ভিন্নবার্তা ডটকম/এন